গাজীপুর শহরে ভাসমানদের মধ্যে খাবার বিলালেন পাঁচ বন্ধু
গাজীপুর শহরে ভাসমান লোকের সংখ্যা কম নয়। সারা বছর নানাভাবে তাঁদের খাবার ব্যবস্থা হলেও ঈদে খাবার জোটে না বললেই চলে। তার ওপর এই করোনাকালে মানুষের বাড়িতে ঢুকতে না দেওয়ায় তাঁরা বেশ ঝামেলায় পড়েছিলেন। এমন পরিস্থিতিতে ভাসমান এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন পাঁচ বন্ধু।
গাজীপুর শহরের বাসিন্দা পাঁচ বন্ধু গতকাল শুক্রবার ঈদের দিন নিম্ন আয়ের মানুষের জন্য বিরিয়ানি রান্না করান। পরে প্যাকেটে করে ভাসমান মানুষের মধ্যে সেগুলো বিতরণ করেন। ঈদের নামাজের পর শহরের রেলস্টেশন, জেলা প্রশাসকের কার্যালয়, জয়দেবপুর বাসস্ট্যান্ড, নগর ভবনের আশপাশ, রাজবাড়ি রোডসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৫০ ভাসমান মানুষের হাতে ঈদের বিশেষ খাবার তুলে দেন তাঁরা।
এই পাঁচ বন্ধু হলেন মো. জাহিদ শেখ, মোস্তাফিজুর রহমান, হাসিনুর রহমান, নাজমুল ইসলাম ও মো. নাদিম।
জাহিদ শেখ বলেন, ‘ঈদ মানে খুশি। নিজে নিজে ঈদ উদ্যাপন করাটা বেমানান। আমাদের সবার চিন্তা করা উচিত আমাদের আশপাশের মানুষ কীভাবে ঈদ কাটাচ্ছেন? তাঁদের জন্য তিন বেলার খাবার ব্যবস্থা করতে পারিনি। তবে ঈদের দুপুরে খাবার পেয়ে তাঁদের মুখে যে হাসি দেখতে পেয়েছি, তা ভোলার নয়।’ তাঁরা পাঁচ বন্ধু তিন বছর ধরে ভাসমান মানুষদের জন্য ঈদে খাবারের আয়োজন করছেন বলে তিনি জানালেন।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর বলেন, ‘আমরা বলি তরুণেরা নষ্ট হয়ে যাচ্ছে। তরুণেরা বখে যাচ্ছে। আসলে তা নয়। তরুণদের এসব ভালো কাজ আমাদের মধ্যে আশার সৃষ্টি করে। তাদের দেখে অন্যদের শেখা উচিত।’