গাজীপুরে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-গাজীপুর রেললাইনে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান এলাকায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই অটোরিকশাচালকের নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি মুন্সিগঞ্জ সদর থানার পানহাটা এলাকার সোহাব আলীর ছেলে। নিহত রফিকুল গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মাজুখান এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিমাইদুল জাহেদী জানান, সকাল সাড়ে নয়টার দিকে রফিকুল অটোরিকশা নিয়ে বের হন। পরে মাজুখান এলাকায় অরক্ষিত একটি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে। হিমাইদুল জাহেদী বলেন, নিহত চালকের স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।