গাজীপুরে আসবাবের ৪টি দোকানে আগুন
গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে আসবাবের চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভাওয়াল মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ভাওয়াল মির্জাপুর বাজারের নিরাপত্তাকর্মীরা একটি দোকানে ধোঁয়া দেখতে পান। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দোকানমালিকদের দাবি, এ ঘটনায় তাঁদের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।