গাজীপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বারে কঠোর অবস্থানে পুলিশ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুর জেলা ও মহাসড়ক পুলিশ।
কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর শাস্তি দেওয়ার কথা উল্লেখ আছে। শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় সকাল সকাল কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর থেকে এলাকা অনেকটাই জনশূন্য।
গাজীপুর জেলা ও হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ সকাল থেকে দুটি চেকপোস্ট বসানো হয়েছে। একটি চন্দ্রা ত্রিমোড়ে, অন্যটি খাড়াজোড়া এলাকায়। পণ্যবাহী যানবাহন ছাড়া কেউ বাইরে বের হলেই তাঁকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তাঁদের পুলিশ ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা বিভিন্নভাবে কাজে যাচ্ছেন। তবে তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। অনেকের মুখে মাস্ক নেই।
মহাসড়কের বিভিন্ন এলাকায় দেখা গেছে, শ্রমিকেরা হেঁটে ও অটোরিকশা করে কারখানায় কাজে যাচ্ছেন। গাজীপুরের বিভিন্ন মহাসড়কের পাশেই রয়েছে অনেক শিল্পকারখানা। ফলে কারখানার অধিকাংশ শ্রমিকেরা মহাসড়ক ধরেই প্রবেশ করছেন। চন্দ্রা পল্লী বিদুৎ এলাকার ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিক আসাদুল মিয়া বলেন, অফিস থেকে বাসার দূরত্ব বেশি। তাই অন্য দিনের চেয়ে ৩০ মিনিট আগে বের হয়েছিলেন।
রিকশার চালক তোফাজ্জল হোসেন বলেন, ‘হুনছিতো সরকার কঠিন হইছে। কিন্তু পেটে খাওন না থাকলে ঘরে বইয়া থাকুম কেমনে? রিকশা চালাই যা পাকু, হেই দিয়া বাজার–সদাই কইরা বাড়ি গেলে তহন রান্না হইব। আর রিকশা না চালাইলে না খাইয়া থাকন লাগব। পুলিশ দেইহাই চালাইতাছি।’
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, সকালে শিল্পকারখানার শ্রমিকেরা কারখানায় যাওয়ার ফলে রাস্তায় লোকজন দেখা গেছে। তবে তাঁরা কারখানার নিজস্ব পরিবহনেই যাতায়াত করছেন। উপযুক্ত কারণ না দেখাতে পারলে কাউকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না।
গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, গাজীপুর জেলা পুলিশ সড়ক–মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নিয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর, হোতাপাড়া, কালিয়াকৈরের চন্দ্রাসহ বিভিন্ন স্থানে পুলিশ আছে। অকারণে কেউ বের হলে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।