গাজীপুরে ওসিসহ ১৫ পুলিশ কোয়ারেন্টিনে

গাজীপুর মহানগরীর গাছা থানার এক উপপরিদর্শক (এসআই) কনোরাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১৫ সদস্যকে গতকাল সোমবার রাত থেকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীতে নতুন করে চারজন করোনার রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই একই বাসার বাসিন্দা। তাঁরা হলেন নগরীর গাছা থানার বটতলা সড়কের বাসিন্দা গাছা থানার এসআই এবং তিনি যে বাসায় ভাড়া থাকেন, সেই বাসার মালিক ও তাঁর মেয়ে। আক্রান্ত অপরজন হলেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা। ওই এসআইয়ের করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসার পর গতকাল রাতে গাছা থানার ওসি, পরিদর্শক (তদন্ত), পরিদর্শকসহ (অপারেশন) ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআইয়ের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তিনি গাছা এলাকার যে বাসায় ভাড়া থাকেন, সেই বাসার মালিকের স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষার ফল পজিটিভ হয়। এরপর বাসাটি লকডাউন করে বাসার সব বাসিন্দার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তাঁর মেয়ে এবং ওই বাসার ভাড়াটে পুলিশের এসআইয়ের করোনাভাইরাস পরীক্ষার ফলও পজিটিভ আসে। আক্রান্ত তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মচারী আক্রান্ত হওয়ায় গত রোববার থেকে সিভিল সার্জনসহ ১৩ জন কোয়ারেন্টিনে আছেন।
এ বিষয়ে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, আক্রান্ত এসআইয়ের সংস্পর্শে আসায় ছয় পুলিশ কর্মকর্তাকে হোম এবং তিনিসহ নয়জন অফিসেই কোয়ারেন্টিনে রয়েছেন।