গাজীপুরে কারখানার নির্মাণাধীন ভবন ধসে ১১ শ্রমিক আহত
গাজীপুরের শ্রীপুরে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজের কারখানার নির্মাণাধীন ভবন ধসে ১১ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
কারখানার শ্রমিকদের দেওয়া তথ্য মতে, তাৎক্ষণিকভাবে আহত আটজনের নাম পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার মো. রিপন মিয়া (২১), নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের মো. মোরশেদ (২৮), মো. হোসাইন (২৪), মো. সাজ্জাদ (১৯), চাঁদ মিয়া (২৭), মো. শফিক (২০), সৈয়দ নূর (২১) ও আজমত আলী (২৯)।
রুবেল মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভেতরে একটি নতুন ভবনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদ ও নিচের তলায় ১৫-১৬ জন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে ছাদটি ধসে পড়ে। এতে ছাদে কাজ করা শ্রমিকেরা নিচে পড়ে যান। শ্রমিকদের অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়েন। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের উদ্ধার করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী গতকাল রাত পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ওই কারখানার ছাদ ধসের ঘটনায় কেউ মারা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ শ্রমিক আহত হয়েছেন। তাঁরা গাজীপুর সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আরেফিন বলেন, কী কারণে নির্মাণধীন ভবনে ছাদ ধসে পড়ছে, তা এখনো নিশ্চিত নয়। আহত শ্রমিকদের কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ভবন ধসের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।