গাজীপুরে কারখানায় মেশিনের বেল্টে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় একটি কারখানার মেশিনের বেল্টে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে লিজ কমপ্লেক্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম এমরাতুন মিয়া (৩০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি থানার ঘনেরগাঁও এলাকার আলা উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় আবদুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন এমরাতুন মিয়া। সেখানে থেকে তিনি লিজ কমপ্লেক্স লিমিটেড কারখানায় ওয়াশিং মেশিনের অপারেটর হিসেবে চাকরি করতেন। গতকাল রাতে তিনি কারখানায় কাজ করতে যান। তাঁকে ওয়াশিং মেশিনের পাশে না দেখতে পেয়ে পাশের মেশিনের অপারেটর তাঁকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এমরাতুনকে মেশিনের পাশে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাঁকে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির গলা ও মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিন চালু করতে গিয়ে পা পিছলে মেশিনের বেল্টের ওপর পড়ে এমরাতুনের মৃত্যু হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।