গাজীপুরে গাড়িচাপায় একজন নিহত
গাজীপুর সদর উপজেলায় গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার হালডোবা এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর পরনে চকলেট রঙের প্যান্ট ও নেভি–ব্লু রঙের গেঞ্জি আছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি এলাকায় পাগলের বেশে ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, হালডোবা এলাকায় আজ সকাল ছয়টার দিকে একটি গাড়ি মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।