গাজীপুরে গাড়ি চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জয়দেবপুর থানায়
ছবি: প্রথম আলো

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি গাড়ির যন্ত্রাংশসহ গাড়ি চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাইফুল ইসলাম, একই এলাকার আলম ভূঁইয়া, ভবানীপুর (বেগমপুর) গ্রামের রুবেল হোসেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাঙ্গলবাড়িয়া গ্রামের কবিরুল হক, সুনামগঞ্জের সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামের মাসুদ মিয়া, কুমিল্লার মুরাদনগর উপজেলার চাউপুর গ্রামের মো. শহীদ, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের জনি মিয়া, জামালপুরের ইসলামপুর উপজেলার বীর নন্দনাপাড়া গ্রামের সুমন মন্ডল, নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুটিকা গ্রামের রমজান মিয়া, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামের সুমন মিয়া, বরিশালের মুলাদী উপজেলার খাসেরহাট গ্রামের সজীব মল্লিক ও হবিগঞ্জের সদর থানার দানিআলপুর গ্রামের বিধান কুড়ি।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া থেকে গাড়ি ছিনতাই করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভবানীপুর এলাকায় সাইফুল ইসলামের মালিকানাধীন সনিয়া এন্টারপ্রাইজের (ওয়ার্কশপ) পেছনে চোরাই করা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ খুলে আলাদা করে অন্যত্র বিক্রি করার জন্য পিকআপে বোঝাই করছিল। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে গাড়ির ইঞ্জিন, দুটি অক্সিজেন সিলিন্ডার, একটি পিকআপ, একটি মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা প্রথমে পূর্বপরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কৌশলে ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করেন। এরপর তাঁরা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টসের পশ্চিম পাশে সনিয়া এন্টারপ্রাইজে (ওয়ার্কশপ) গ্যাসের সাহায্য চোরাই করা গাড়ির যন্ত্রাংশ খুলে ঢাকার ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বাদী জয়দেবপুর থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। গাড়ি চুরির সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।