গাজীপুরে গাড়িচাপায় স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো টেম্পোযাত্রী গাজীপুরের কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার নুর আলমের ছেলে মো. লিমন মিয়া (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, আজ সকালে টেম্পোটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ওই টেম্পোকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মারুফাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।