গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাকাণ্ড
প্রতীকী ছবি

গাজীপুরে হাত, পা ও মুখ বেঁধে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের একটি নির্জন স্থান থেকে ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলদিয়ার এলাকার কাঙ্গাল প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২৩)। তিনি বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের মনিরুল গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার রমজানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মনিরুল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। আজ সকালে কালিয়াকৈরের বরাব এলাকার নির্জন স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা চালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে। পরে তাঁর লাশ ওই নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা কাঙ্গাল প্রামাণিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।