গাজীপুরে চেকপোস্ট দেখলেই হাঁটতে শুরু করছেন যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের চেকপোস্ট হেঁটে পাড়ি দিচ্ছেন যাত্রীরা। শনিবার সকাল ৮টায়ছবি: মাসুদ রানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর বিধিনিষেধ কার্যকর করতে গাজীপুরের দুটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে যানবাহনগুলোকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। এ কারণে ঈদের ছুটি শেষে কেউ রিকশায়, কেউবা ট্রাকে করে কর্মস্থলে ফিরতে শুরু করছেন। এসব মানুষ যাত্রাপথে চেকপোস্ট দেখলেই যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করেন।

আজ শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী কলেজ গেট, শিববাড়ি মোড় ও রাজেন্দ্রপুর এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। হেঁটে ঢাকার দিকে আসা মানুষকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা নানা অজুহাত দেখানোর চেষ্টা করছেন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে কথা হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের শফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ঢাকার বনানী এলাকার একটি কারখানার হেড অফিসে চাকরি করি। রোববার থেকে আমাদের অফিস খোলা। তাই বাধ্য হয়ে আজ ঢাকায় যেতে হবে।’ গাজীপুর পর্যন্ত কীভাবে এলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু দূর ট্রাকে, আবার কিছু দূর রিকশায় করে গাজীপুর পর্যন্ত এসেছি। তবে কোথাও পুলিশের চেকপোস্ট দেখলে আগে থেকে নেমে গিয়ে হেঁটে চেকপোস্ট পার হয়ে আবার রিকশায় করে এসেছি।’

কোনাবাড়ী এলাকায় কথা হয় মো. খাইরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়া যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি এখন কাজে ফেরাও গুরুত্বপূর্ণ। তাই শত কষ্ট হলেও কর্মস্থলে যেতে হবে।

হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারঘোষিত কঠোর লকডাউন শতভাগ পালন করার জন্য ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে পুলিশ সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কেউ সঠিক কারণ দেখাতে না পারলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবার শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকজন তেমন বের হচ্ছেন না। যে কারণে মহাসড়কগুলো একরকম ফাঁকাই বলা যায়।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়। সেখানেও গাজীপুর জেলা ও হাইওয়ে পুলিশের কড়াকড়ি অবস্থান রয়েছে। ওই এলাকায় দূরপাল্লার বা লোকাল কোনো যানবাহন চলতে দেখা যায়নি। তবে কিছু ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে চলাচল করছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, অকারণে কোনো যানবাহন বের হলে তাদের জরিমানা করা হচ্ছে। এ ছাড়া অকারণে বের হওয়া যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ জরুরি প্রয়োজনে তাঁদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। যানবাহন না থাকায় হেঁটেই যাচ্ছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশের চেকপোস্ট। শনিবার সকাল ১০টায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করছেন গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, মানুষের অজুহাতের শেষ নেই। জিজ্ঞাসা করলেই তাঁরা নানা অজুহাত দেখাচ্ছেন। তবে মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। যাঁরা গাড়ি নিয়ে বের হয়েছেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাজীপুরের টঙ্গী, গাজীপুরা, কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় ১২টি চেকপোস্ট বসানো হয়েছে।