গাজীপুরে ঝুটগুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের চিত্র। রোববার সকাল ৯টায় তোলা
ছবি: মাসুদ রানা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ঝুটগুদামে অগ্নিকাণ্ড হয়েছে। আজ রোববার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগ মিতালী ক্লাব এলাকায় ঝুটগুদামগুলোর অবস্থান। আজ সকালে একটি গুদাম থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের অন্য গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও কাশিমপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝুট ব্যবসায়ী মো. এনামুল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে আমবাগ এলাকার ১১টি ঝুটগুদাম পুড়ে গেছে। এতে তাঁদের মজুদ করা কাপড়, কাটপিস, সুতাসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আগুন পুরোপুরি নেভাতে আরও বেশ সময় লাগবে।