গাজীপুরে ট্রাক দেখে খালের পানিতে পড়ে প্রতিবন্ধী তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলায় ট্রাকের ভয়ে খালের পানিতে পড়ে মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেছে। আজ সকালে ভাওয়াল মির্জাপুর পাইনশাইল এলাকায় পানিতে ডুবে ওই তরুণ নিখোঁজ হন।

ওই যুবকের নাম আরিফুর রহমান (২০)। তিনি গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকার আলেব উদ্দিনের ছেলে। আরিফুর মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাইনশাইল এলাকায় বেশ কয়েকটি ইটের ভাটা আছে। ইটভাটাগুলোর পাশে একটি খাল রয়েছে। ওই খালের কিছু অংশ শুকনো ও কিছু অংশে পানি থাকায় খালের ওপর দিয়ে ইটভাটার ট্রাক ইট বহন করে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, আজ সকালে আরিফুর রহমান হেঁটে ওই খাল পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক খালের ওপর দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে ট্রাক দেখে আরিফুর ভয় পেয়ে খালের পানিতে পড়ে যান। পরে খোঁজাখুঁজি করে এলাকাবাসী তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বেলা ১টার দিকে আরিফুরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণ ভয় পেয়ে খালের পানিতে পড়ে গিয়েছিলেন। পরে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহত আরিফুর রহমানের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।