গাজীপুরে ট্রাকচাপার ঘটনায় আরও এক যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাকচাপার ঘটনায় আরও এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় গতকাল শুক্রবার দুজনের মৃত্যু হয়েছে।

আজ মারা যাওয়া ওই যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তুসুকা নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কল্লনি গ্রামের দুলাল হোসেনের ছেলে রবিউল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে শুক্রবার রাত নয়টার দিকে অটোরিকশাচালক নবাব আলী চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক প্রতিযোগিতা করে একই দিকে যাচ্ছিল। ট্রাকটি মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোচালক নবাব আলী ও কারখানার শ্রমিক জয়নাল হোসেনের মৃত্যু হয়। রিকশার চার যাত্রী আহত হন। আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রবিউল ইসলামকে ঢাকায় পাঠানো হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩। এর মধ্যে দুজন গতকাল ঘটনাস্থলেই মারা গেছেন।

আরও পড়ুন