গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ধামরাই-কালিয়াকৈর-মাওনা সড়কের উপজেলার হবুয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আরিফুল ইসলাম (৩০) শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফুল আজ সকালে তাঁর নিজ বাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই-কালিয়াকৈর-মাওনা সড়কের হবুয়ারচালা এলাকায় পৌঁছালে মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরিফুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পরে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।