গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুই লাশ উদ্ধার
গাজীপুরে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুর সদর উপজেলার ফাওকাল এলাকার মজিবুর রহমানের ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। যাঁর পরিচয় পাওয়া যায়নি, তাঁর বয়স আনুমানিক ৪৮ বছর।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলাম গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস কারখানার সেন্টারিং মিস্ত্রি হিসেবে কাজ করেন। গতকাল রোববার রাতে কাজ শেষ করে বাসার দিকে রওনা হন তিনি। রাত দুইটার দিকে গাজীপুরের ভাওয়ালগড় স্টেশনের পাশে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত শাহিদুলের মামা আতাউর রহমানের অভিযোগ, শাহিদুলকে পূর্বপরিকল্পিতভাবে কেউ হত্যা করে থাকতে পারে। দুর্বৃত্তরা হত্যার পর ট্রেনের নিচে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে গেছে বলে তাঁর ধারণা।
অপর দিকে রাত তিনটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়া একটি লাশ পাওয়া যায়।
আজ সকালে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাজীপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, ময়নাতদন্ত শেষে দুজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।