গাজীপুরে ডেঙ্গুতে মৃত ১, হাসপাতালে ভর্তি ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: এএফপি
প্রতীকী ছবি: এএফপি

গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম আবদুল করিম সরকার (৬০)। তিনি কাপাসিয়া সদরের কাপাসিয়া ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বাসিন্দা।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস বলেন, গত বুধবার আবদুল করিম সরকার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। জ্বর, কালো পায়খানা ও ক্ষুধামান্দ্য নিয়ে গত শনিবার ভোরে ফের তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থান অবনিত হলে স্বজনরা ছাড়পত্র নিয়ে শনিবার রাতেই তাঁকে সিএমএইচ নিয়ে যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিএমএইচে ভর্তির পর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, আবদুল করিম সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে গাজীপুরে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে চলেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস বলেন, চলতি মাসের শুরুর দিকে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম ছিল। তবে এখন প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল বিকেল পর্যন্ত ৮১ জন রোগীকে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখন হাসপাতালে ভর্তি আছে ২৩ জন। তাঁদের মধ্যে চারজন নারী ও ১৯ জন পুরুষ।

গাজীপুর সিটি করপোরেশনের চিকিৎসক রহমতউল্লাহ বলেন, তাঁদের কাছে ডেঙ্গু রোগীর কোনো পরিসংখ্যান নেই। তাঁরা কোনো সেলও গঠন করেননি।