গাজীপুরে তালা ভেঙে মা-ছেলের লাশ উদ্ধার, গৃহকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে মফিজ উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৩৮) ও তাঁর ছেলে রোকন (১৭)। এ ঘটনার পর থেকে মফিজ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ উদ্দিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে পূর্ব কলমেশ্বর এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় রিকশাচালক।

নিহত রহিমা বেগমের স্বজনেরা জানান, বেশ কয়েক দিন ধরেই মফিজ ও রহিমার মধ্যে ঝগড়া চলছিল। এর জেরে বিভিন্ন সময় মফিজ তাঁর স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ আছে। এর মধ্যে গতকাল সন্ধ্যা সাতটার দিকে মফিজ বাড়িতে ফিরে আসেন। রহিমার স্বজনদের ধারণা, গতকাল মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়লে মফিজ তাঁর স্ত্রী ও বড় ছেলে রোকনকে কুপিয়ে হত্যা করেন। এরপর মফিজ ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান।

এ সময় ওই ঘরে মফিজের ছোট ছেলে আল আমিন (৮) ঘুমিয়ে ছিল। আজ সকালে সে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে তার মা ও ভাইয়ের লাশ দেখতে পায়। পরে আল আমিনের চিৎকার শুনে প্রতিবেশীরা দরজার তালা ভেঙে ঘরের ভেতর রক্তাক্ত দুটি লাশ দেখতে পায়। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া পালিয়ে যাওয়া স্বামী মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।