গাজীপুরে দগ্ধ শ্রমিক ঢাকার হাসপাতালে মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় সুতা তৈরির কারখানায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওই শ্রমিক হলেন মুন্সিগঞ্জের লৌহজং থানার যশোরদিয়া গ্রামের ওহাব ব্যাপারীর ছেলে মো. মোতালেব ব্যাপারী (৪০)। তিনি মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খালিয়ারচালা এলাকায় সপরিবারে বসবাস করেন। ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে ওই প্রতিষ্ঠানের তুলার গোডাউনে আগুন লাগে। আগুন লাগার পরে মোতালেবসহ বেশ কয়েকজন শ্রমিক আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। একপর্যায়ে মোতালেব আগুনের মধ্যে পড়ে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ঢাকায় পাঠিয়ে দেয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘ওই দিনের আগুনে একজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধ ওই ব্যক্তি মারা গেছেন বলে জানতে পেরেছি।’