গাজীপুরে দুই মহাসড়কে ছোট গাড়ি ও মানুষের ভিড় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে মহাসড়কে যানবাহন ও মানুষের ভিড় বাড়ছে। আজ বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায়
ছবি: মাসুদ রানা

গাজীপুরে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী গাড়ি ও কর্মস্থলে ফিরতে থাকা মানুষের ভিড় বাড়ছে। গণপরিবহন না থাকায় মানুষ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও হেঁটে তাঁদের গন্তব্যে যাচ্ছেন। লকডাউনে শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাঁরা নানা অজুহাতে গাজীপুর ও ঢাকায় ঢুকছেন। বিশেষ করে পুলিশের চেকপোস্টের আগে রিকশা বা অটোরিকশা থেকে নেমে মানুষজন হেঁটে চেকপোস্ট অতিক্রম করছেন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে এসব চিত্র দেখা গেছে।

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকার একটি দোকানের কর্মচারী মো. সোলাইমান। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসনগ্রামে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা হয় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। সোলাইমান বলেন, ‘দোকানের মালিক বারবার ফোন দিচ্ছেন আসার জন্য। না গেলে চাকরি নাকি থাকবে না। নিরুপায় হয়ে ফজরের আজানের সময় বাড়ি থেকে বের হয়ে ট্রাকে উঠি। এক হাজার টাকা ভাড়া দিয়ে কালিয়াকৈরের চন্দ্রায় আসি। এরপর চন্দ্রা ত্রিমোড় থেকে ২০০ টাকা ভ্যানভাড়া দিয়ে চান্দনা চৌরাস্তায়। এখন বাকি চার–পাঁচ কিলোমিটার পথ হেঁটেই যাব।’

রংপুরের কাউনিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সজিব হোসেন বলেন, তিনি গাজীপুরের মালেকের বাড়ি এলাকার সানজি স্পিনিং নামের একটি কারখানায় কাজ করেন। গতকাল তাঁকে এক সহকর্মী ফোনে জানান, কারখানা খোলা হয়েছে। কাজও হচ্ছে। সেই খবর পেয়ে গতকাল রাতে কিছু দূর ট্রাকে, কিছুটা পথ হেঁটে ও রিকশায় গাজীপুরে এসেছেন। ঈদে বাড়িতে গিয়ে সব টাকা শেষ হওয়ায় প্রতিবেশীর কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়ে রওনা হয়েছেন। ইতিমধ্যে ১ হাজার ১৫০ টাকা খরচ হয়ে গেছে।

সোলাইমান ও সজীবের মতো হাজার হাজার মানুষ হেঁটে তাঁদের কর্মস্থলে ফিরছেন। তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যে দিকে চোখ যায়, সব দিকেই কর্মস্থলমুখী মানুষের ভিড়।

হাইওয়ে ও ট্রাফিক পুলিশের ভাষ্য, গাজীপুরে ও ঢাকায় অনেক কারখানা ও প্রতিষ্ঠান গোপনে কাজ শুরু করেছে। এই সংবাদ পেয়ে গ্রাম থেকে মানুষ এখন শহরে ঢোকার চেষ্টায় আছেন। যে যাঁর মতো করে নানা উপায়ে গাজীপুর ও ঢাকামুখী হচ্ছেন। গাজীপুরের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের প্রায় ২০টি চেকপোস্ট রয়েছে। গণপরিবহন, মানুষ নিয়ে চলাচল করা যায় এমন কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। তবে মহাসড়কে রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় বেশ কম।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, লকডাউন সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মহাসড়কে কোনো গণপরিবহন চলছে না। অটোরিকশা চলাচল করলেও তাঁদের সামনে আসছে না। এখন পর্যন্ত অনেক অটোরিকশা আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) মেহেদী হাসান বলেন, গণপরিবহন কোনো অবস্থাতেই চলছে না। তবে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের ভিড় অনেক বেড়েছে। মানুষের হেঁটে চলা বেড়েছে।