গাজীপুরে দুই মহাসড়কে থেমে থেমে যানজট
টানা লকডাউন ও বিধিনিষেধের পর চালু হয়েছে গণপরিবহন। মহাসড়কে চলাচল শুরু করেছে দূরপাল্লার ও স্থানীয় যাত্রীবাহী বাস। দীর্ঘদিন পর মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করায় গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।
আজ বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে গাজীপুরের ট্রাফিক পুলিশ।
গাজীপুর ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগড়া বাইপাস থেকে কড্ডা পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পর মহাসড়কে গাড়ি চলাচল শুরু হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহনের সংখ্যা। এ সময়ে বাস, ট্রাকের পাশাপাশি চলছে অসংখ্য অটোরিকশা। এসব ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে এলোপাতাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের কারণেও বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার বাসিন্দা হাসান সরকার বলেন, আজ সকালের দিকে মহাসড়কে যানবাহন কম থাকলেও দুপুরের পর থেকে যানবাহনের চাপ বেড়েছে। সেই আগের মতোই যানজটে আটকা পড়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে ফল বিক্রেতা আফসার উদ্দিন বলেন, বিধিনিষেধের মধ্যেও যেভাবে মহাসড়কে অটোরিকশা চলছিল, এখনো সেভাবেই চলছে। এ ছাড়া গণপরিবহন চালু হওয়ায় মানুষ বিভিন্ন কারণে ঘর থেকে বের হয়েছেন। ফলে মানুষের চলাচলও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চারদিকেই যানবাহনের ব্যাপক চাপ। এ ছাড়া ভোগড়া, ছয়দানা মালেকের বাড়ি, গাজীপুরা, টঙ্গীর চেরাগ আলীসহ আশপাশের এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।
গাজীপুরের শিববাড়ী এলাকায় কথা হয় বলাকা পরিবহনের চালক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘যানজট গাজীপুরে নতুন কিছু নয়। এখন এটাই আমাদের কাছে স্বাভাবিক যানজট। না থাকলেই বরং অস্বাভাবিক মনে হয়। তবে মহাসড়কে আগের মতোই রিকশা ও অটোরিকশা চলাচল করায় বেশ জটলার সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করা জরুরি।’
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এসব এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন পর রাস্তায় গণপরিবহন চলাচল শুরু হওয়ায় কিছু জায়গায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ রয়েছে, তারা যানজট নিরসনে কাজ করছে।