গাজীপুরে দুই মহাসড়কে যানবাহন ও মানুষের ভিড় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাজার ও সড়কে মানুষের চলাচল বেড়েছে। আজ সোমবার বেলা ১১টায় গাজীপুর শহরের জয়দেবপুর কাঁচাবাজারের চিত্র
ছবি: প্রথম আলো

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের শুরুতে গাজীপুরের সড়ক-মহাসড়কে তেমন কোনো যানবাহন ও মানুষের দেখা পাওয়া যায়নি। তবে আজ সোমবার মহাসড়কে যানবাহন ও হাটবাজারে মানুষের ভিড় বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশিচৌকি থাকলেও মানুষ নানা অজুহাতে চলাফেরা করছেন।

আজ সকালে গাজীপুর শহরের জয়দেবপুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, শত শত মানুষ ঠাসাঠাসি করে কেনাকাটা করছেন। স্বাস্থ্যবিধির বালাই নেই, এমনকি অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। একই অবস্থা দেখা গেছে হাড়িনাল বাজার, চতর বাজার, চান্দনা চৌরাস্তা, ভোগড়া সবজি আড়ত, কোনাবাড়ী বাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজারে।

জয়দেবপুর কাঁচাবাজারে কথা হয় লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বাড়িতে যে পরিমাণ বাজার ছিল, তা এরই মধ্যে শেষ হয়ে গেছে। তাই আজ সবজি আর কিছু মাছ কিনতে এসেছি।’

বিলাশপুর এলাকার সবুজ হোসেন বলেন, ‘বাজার শেষ হলে বাড়ি থেকে তো বের হতেই হবে। ঘরে বসে থাকলে কে বাজার নিয়ে দেবে?’ মাস্ক পরেননি কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় ভুলে গেছি।’

অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আগের থেকে অনেক বেশি যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীবাহী পরিবহন না থাকলেও ট্রাক, পিকআপ ও অটোরিকশাগুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। মহাসড়কে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে নানা অজুহাত দেখিয়ে মানুষ ঢাকায় ঢোকার চেষ্টা করছেন। এ কারণে মানুষের চলাচলও বেড়ে গেছে। বেশির ভাগই বলছেন, চাকরি বাঁচাতে ঢাকায় তাঁদের যেতেই হবে।

চান্দনা চৌরাস্তা এলাকার চেকপোস্টে কথা হয় আজাহার আলীর সঙ্গে। তিনি বলেন, গতকাল রোববার তাঁর অফিসে কাজ শুরু হয়েছে। অফিস থেকেও বারবার ফোন করে কাজে যোগ দিতে বলেছে। এ কারণে বাধ্য হয়ে অটোরিকশা দিয়ে ভেঙে ভেঙে ঢাকায় যাচ্ছেন তিনি।

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, মহাসড়কে পণ্যবাহী ট্রাক, ছোট ছোট যানবাহনসহ মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। তবে রিকশা চলাচল বন্ধ করতে প্রতিদিনই রিকশা আটক করা হচ্ছে। আর মোটরসাইকেলের চালকেরা নানা অজুহাত দেখিয়ে চলে যাচ্ছেন।

গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) মেহেদী হাসান বলেন, আগের চেয়ে মানুষের চলাচল অনেক বেড়েছে। মানুষ হেঁটেই যাতায়াত করছেন। যানবাহন ঠেকানো গেলেও এত মানুষ ঠেকানো যাচ্ছে না। তবে পুলিশের তৎপরতা আগের মতোই আছে। জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।