গাজীপুরে পরীক্ষাগারে ভাইরাস ছড়ানোয় দুদিন ধরে করোনা পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।
ছবি: সংগৃহীত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব ও আরটি-পিসিআর মেশিনে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে দুই দিন ধরে সেখানে করোনার নমুনা পরীক্ষা বন্ধ হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাবের প্রধান সহকারী সাইফুল ইসলাম জানান, গত সোমবার বিষয়টি ধরা পড়লে গতকাল মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে আরটি-পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এর মধ্যে ১১৫টি পজিটিভ ও ৮টি নেগেটিভ আসে। এই পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের সন্দেহ দেখা দেয়। পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাসের উপস্থিতি পাওয়ায় যন্ত্রের ত্রুটির বিষয়টি আরও পরিষ্কার হই। পরে আমরা সব স্যাম্পল পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ ও ল্যাবটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর শুক্রবার থেকে আবার নমুনা পরীক্ষা করা যাবে।’

এদিকে ওই ল্যাবের দুজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল তাঁদের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল কাদের বলেন, পিসিআর ল্যাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। জীবাণুমুক্ত করার পর আবারও পরীক্ষা শুরু হবে। এখন আপাতত নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।