গাজীপুরে পাটের গুদামে আগুন, ৩০ লাখ টাকা ক্ষতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার জামালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আগুনে বিপুল পরিমাণ পাটসহ গুদামঘরটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই আধা পাকা পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে গুদামের মালিক মো. মোহসীনের দাবি, গুদামে ৯০০ মণ পাট ছিল। পাট পুড়ে তাঁর প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।