গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার আলোর দিশা নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানার তৈরি মালামাল, মেশিনপত্র ও একটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, ওই পোশাক কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। গতকাল রাতে শ্রমিকেরা কাজ শেষে বাড়ি ফিরে যান। এরপর রাত সাড়ে ১১টার দিকে কারখানায় আগুন দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানার পাশে একটি হার্ডওয়্যারের দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আজ বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামছুল আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার পরিদর্শক রউফ উজ্জামান জানান, আগুনের সঠিক কারণ জানায় যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহত হওয়ার কোনো ঘটনাও ঘটেনি।