গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যুক্ত হচ্ছে নতুন দুই সাম্বার হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ দিনের কোয়ারেন্টিনে আছে দু্ই স্ত্রী সাম্বার হরিণ
ছবি: সংগৃহীত

নরসিংদী থেকে উদ্ধার হওয়া দুই সাম্বার হরিণকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। প্রাণী দুটি আপাতত কোয়ারেন্টিনে নিবিড় পর্যবেক্ষণে আছে। গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষ প্রাণী দুটিকে সাফারি পার্কে হস্তান্তর করে।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে পাওয়া সাম্বার দুটিকে গ্রহণ করে নিয়মানুযায়ী বন্য প্রাণী কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সাত দিন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নিয়ে এগুলোকে পার্কের অন্যান্য সাম্বারের সঙ্গে রাখা হবে। এর আগে সাফারি পার্কে দুটি স্ত্রী ও দুটি পুরুষ সাম্বার ছিল। নতুন সাম্বার দুটি স্ত্রী। এদের যুক্ত করা হলে সাফারি পার্কে সাম্বারের সংখ্যা হবে ছয়টি।

ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের পরিদর্শক নিগার সুলতানা জানান, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের নির্দেশনা অনুযায়ী নরসিংদীর একটি বাগানবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এই প্রাণী দুটিকে আইন অমান্য করে লালন–পালন করা হচ্ছিল। আইন না জেনে প্রাণীগুলো পালন করছিলেন দাবি করে ওই বাগানবাড়ির মালিক সাম্বার হরিণগুলো তাঁদের হাতে তুলে দেন। ২০১৭ সালের হরিণ পালন বিধিমালায় চিত্রা হরিণ পালনের অনুমতি থাকলেও সাম্বার হরিণ পালনের অনুমতি নেই।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন সাজ্জাত মোহাম্মদ জুলকার নাইন মানিক বলেন, সাম্বার দুটির গায়ের অনেক জায়গায় চামড়া খসে গেছে। লোহার খাঁচায় পরিবহনের সময় এমনটা হয়েছে বলে মনে হয়। এমনিতে শারীরিকভাবে হরিণগুলো সুস্থ আছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, সবকিছু ঠিক থাকলে সাত দিন পরই সাম্বার হরিণ দুটিকে অন্য সাম্বার হরিণগুলোর সঙ্গে দেওয়া হবে। এখানে আগে থেকেই দুটি স্ত্রী সাম্বার হরিণ ছিল। এখন মোট চারটি স্ত্রী সাম্বার হবে। ফলে ভবিষ্যতে সাম্বার হরিণশাবক পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।