গাজীপুরে বনসাইয়ের সমাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমবাগ এলাকায় বাড়ির ছাদে বনসাই। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
আমবাগ এলাকায় বাড়ির ছাদে বনসাই। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

প্রায় ২০ বছর আগে ১০০ টাকায় চারটি গাছ কিনে বনসাইয়ের বাগান শুরু করেছিলেন কে এম সবুজ। এখন তাঁর বাগানে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার বনসাই। এগুলো বিক্রি করে তিনি প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করেন।

সবুজের (৩৮) বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর পাথালিয়া গ্রামে। থাকেন গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকায়। সেখানেই এক বিঘা জমিতে তাঁর স্বপ্নের বনসাইয়ের বাগান।

যেভাবে শুরু

ছোটবেলা থেকেই নার্সারির প্রতি বাড়তি আগ্রহ ছিল সবুজের। বনভোজনের জন্য ১৯৯৬ সালে তিনি সিলেটে গিয়েছিলেন। সেখানে এক নার্সারিতে একটি বনসাই দেখেন। নার্সারির লোকদের কাছে বনসাইয়ের বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা করেন। তখন তিনি ১০০ টাকায় চারটি তেঁতুলগাছ কেনেন। এভাবেই বনসাই করা শুরু করেন তিনি। এখন তাঁর বাগানে এক হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দামের বনসাই আছে। সব মিলিয়ে বনসাই আছে দুই হাজারের বেশি।

কে এম সবুজ প্রথম আলোকে বলেন, শুরুর দিকে তিনি যখন বনসাই নিয়ে কাজ করেন, তখন কেউ পাত্তা দিতেন না। মানুষ উল্টাপাল্টা প্রশ্ন করতেন। তবে দিনে দিনে যখন বনসাই বিক্রি করে আয় বাড়তে শুরু করল, তখন সবাই বুঝতে পারলেন এর গুরুত্ব। এখন তাঁর বাগানে কাজ করেন ১২ জন লোক।

বনসাইয়ের পরিচর্যা করছেন সবুজ
বনসাইয়ের পরিচর্যা করছেন সবুজ

সরেজমিনে বনসাই বাগান

আমবাগ পশ্চিমপাড়া প্রভাতি কিন্ডারগার্টেনের পাশে হালকা বেড়া দেওয়া একটি বনসাইয়ের বাগান। পাশেই দোতলা একটি বাড়ি। বাড়ির আশপাশজুড়ে বনসাইয়ের বাগান। জায়গার সংকুলান না হওয়ায় বাড়ির ছাদ ও পাশের স্কুলের ছাদেও বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের বনসাই গাছ রাখা হয়েছে। ছোট বনসাইগুলো প্রথমে একটি পলিব্যাগে মাটিতে লাগানো হয়। বড় হলে সেগুলো টবে লাগানো হয়।

বনসাই বাগানে বসে সবুজ প্রথম আলোকে বলেন, ‘শখের কারণেই ১০০ টাকায় বনসাই গাছ কিনে এনেছিলাম। দিনে দিনে বনসাইয়ের প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। আজ সেই বনসাই বিক্রি করে মাসে আয় হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা।’

গাজীপুরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘ছোটবেলায় আমরা গাছপালার মধ্য থেকেই বড় হয়েছি। এখনকার শহুরে জীবনে আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগ পাচ্ছে না। কিন্তু বনসাই সহজেই ঘরে রাখা যায়। এ কারণে ঘরেও গ্রামের কিছুটা আবহ পাওয়া যাচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদতত্ত্ব বিভাগের অধ্যাপক এম মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বনসাই ছোট হলেও বড় গাছের মতোই ফুল ও ফল দেয়।