গাজীপুরে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট–বড় ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুরে সফিপুর বাজারে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে সফিপুর বাজারের লতিফ হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত।

এতে বাজারের ছোট–বড় ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ বেলা পৌনে ২টার দিকে লতিফ হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, আগুনে অন্তত ১৩টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদের আগে আগুন লাগায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।