গাজীপুরে বাসচাপায় শ্রমিক ‘নিহতের’ খবরে মহাসড়ক অবরোধ, বাসে আগুন
গাজীপুরে বাসচাপায় এক পোশাকশ্রমিক ‘নিহতের’ খবর ছড়িয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
পুলিশ জানায়, ভোগরা এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি পোশাক কারখানা আছে। আজ দুপুরে ওই কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে কাজে ফিরছিলেন। এ সময় মো. মনির হোসেন নামের ওই কারখানার এক ইলেকট্রিশিয়ান মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনির হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই ‘মনির মারা গেছেন’ বলে খবর ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার অন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে অন্তত ১২টি বাস ভাঙচুর ও দুটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন।
বিকেল সাড়ে চারটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা আগুন নেভান। একটি বাসের আসন ও ছাদ পুড়ে গেছে। আরেকটি বাস আংশিক পুড়ে গেছে।
আহত শ্রমিকের খবর জানতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আজ বেলা দুইটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তবে হাসপাতালের বাইরে থাকায় তিনি আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ওই শ্রমিককে আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি মারা যাননি। তবে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছেন। তবে বিকেল সাড়ে চারটা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।