গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও সহকারী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসচালক ও তাঁর সহকারী।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকাল সাতটার দিকে মৌমিতা পরিবহনের একটি বাসের যাত্রী নামিয়ে দিয়ে চালক ও তাঁর সহকারী বাসটি নিয়ে ঢাকায় ফিরছিলেন। বাসটি ঢাকায় যাওয়ার পথে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পান বাসচালক ও তাঁর সহকারী। পরে দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে একই পরিবহনের অন্য একটি বাস দিয়ে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মৌমিতা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের অধিকাংশই পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আগুন নেভানোর পর মালিকের লোকজন বাসটি নিয়ে গেছেন।