গাজীপুরে বিলে ভাসছিল ২ যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পূর্বপাড়া এলাকার একটি বিল থেকে গতকাল বুধবার রাত নয়টার দিকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ দুটি কাদের, তা বের করার চেষ্টা চলছে।
মাকছুদুর রহমান, পুলিশ সুপার, গাজীপুর পিবিআই

ওই দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩৫ ও ৪০ বছর।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে। গতকাল রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশাপাশি দুটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে তাঁরা কোনাবাড়ী থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে দুর্বৃত্তরা তাঁদের হত্যা করে বিলের পানিতে ফেলে দিয়ে গেছে।

ওসি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় উদ্ধার কারার জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তাঁদের আঙুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকছুদুর রহমান বলেন, লাশ দুটি কাদের, তা বের করার চেষ্টা চলছে।