গাজীপুরে বেতন-ভাতার দাবিতে আজও শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর শহরের পাশে লক্ষীপুরা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই আন্দোলন করে তাঁদের বেতন আদায় করতে হয়।
পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মীদের ভাষ্য, গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা আছে। ওই কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক ও প্রায় ৭০০ কর্মী আছে। চলতি মাসের অর্ধেক হয়ে গেলেও গত জুন মাসের বেতন এবং ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। কয়েক দিন ধরে কারখানার শ্রমিক–কর্মীরা বিক্ষোভ করছেন। কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় তাঁরা উত্তেজিত হয়ে কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।
কারখানার শ্রমিক নজরুল ইসলাম বলেন, কর্মীরা বেতন পাবেন সাত-আট মাসের। এ ছাড়া ঈদ কাছাকাছি চলে এলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ ৭ জুলাই থেকেই বেতন ‘দেই, দিচ্ছি’ বলে আসছে। এ কারণে তাঁরা গত বুধবার থেকে আন্দোলন শুরু করেছেন। বেতন পরিশোধ না করা হলে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
কারখানার কর্মী আবু তালেব বলেন, কারখানা কর্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে বেতন–ভাতা দেয় না। প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয়। মাসের অর্ধেক সময় হয়ে গেলেও বেতন পাননি তাঁরা। ঘর ভাড়া, দোকান বাকি দিতে না পারায় মানুষের কথা শুনতে হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান বলেন, কারখানার মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।