গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর
গাজীপুরে বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। আজ বুধবার বেলা তিনটার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিকেরা জানান, আগামীকাল বৃহস্পতিবার পয়লা বৈশাখের ছুটি এবং পরদিন শুক্রবার ছুটি থাকায় তাঁরা মার্চ মাসের বেতন আজ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কর্তৃপক্ষ বেতন দেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের হ্যাঁ অথবা না কিছুই বলছিল না। দুপুরের বিরতির পর শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার কথা জানায়।
শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার বিভিন্ন কর্মকর্তাদের কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালার কাচ ভাঙচুর শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, আজ নববর্ষের আগের দিন বেতন না পেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক রবিউল ইসলামকে মারধর করেন। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার বিভিন্ন কর্মকর্তাদের কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালার কাচ ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক বলেন, ওই কারখানার বেতন সচরাচর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যেই দেওয়া হয়। শ্রমিকেরা মার্চ মাসের বেতন ১৩ তারিখে দাবি করে আসছিলেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের ভুল–বোঝাবুঝি হওয়ায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার অভ্যন্তরে বিক্ষোভ ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।