গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের আমৃত্যু কারাদণ্ড
প্রায় পাঁচ বছর আগে গাজীপুরে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে তিন ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আমৃত্যু দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরীর চা-বাগান এলাকার মো. শাহ পরান (২৪), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার সাজ্জাদ ওরফে বাঘা (২৩) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (২৭)। আসামিরা গাজীপুর মহানগরীর উত্তর বিলাশপুর ও সামন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আতাউর রহমান খান জানান, ২০১৬ সালের ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেনের ছেলে মো. টুটুলকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় পরদিন নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে আটজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আতাউর রহমান খান বলেন, মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালত ওই তিন আসামিকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন। মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।