গাজীপুরে ভাগনেকে ফাঁসাতে ভাড়াটে খুনি দিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকায় ইদ্রিস আলী (৩৯) হত্যারহস্য দেড় বছর পর উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাগনেকে ফাঁসাতে ভাড়াটে খুনি দিয়ে ইদ্রিসকে হত্যা করান রবিন ভূঁইয়া নামের এক ব্যক্তি। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের বর্ণনা দিয়ে গতকাল বুধবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় পিবিআই গাজীপুর।

২০২০ সালের ২৪ আগস্ট কাপাসিয়া উপজেলার টোক বাইপাস সড়কসংলগ্ন একটি পুকুরপাড়ে ইদ্রিস আলীর (৩৯) মরদেহ পাওয়া যায়। তিনি টোক ইউনিয়নের শালুয়ারটেকি গ্রামের বাসিন্দা। ঘটনার পরদিন ইদ্রিসের মা মোর্শেদা বাদী হয়ে স্থানীয় সৈয়দ জহির আহসান জাহিদসহ ১০ জনের নামে কাপাসিয়া থানায় মামলা করেন। এর প্রায় চার মাস পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাগনে সৈয়দ জহির আহসানকে ফাঁসাতে ভাড়াটে খুনি দিয়ে ইদ্রিসকে খুন করেন মামা রবিন ভূঁইয়া। পিবিআই গাজীপুর ভাড়াটে খুনি মো. মেজবাহ উদ্দিনকে (১৯) টোক ফেরিঘাট ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে এ তথ্য বেরিয়ে আসে। মেজবাহ উদ্দিন ময়মনসিংহ জেলার পাগলা থানার টাঙ্গাব এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে।

পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নানার বাড়ির সম্পত্তির ওয়ারিশ নিয়ে সম্প্রতি সৈয়দ জহির আহসানের সঙ্গে তাঁর মামা রবিন ভূঁইয়ার চরম বিরোধ দেখা দেয়। এ সময় স্থানীয় ইদ্রিস ও রফিক জাহিদের পক্ষ নিয়ে মামার বাড়ির সম্পত্তি দখলে তাঁকে সহযোগিতা করেন। পরে জাহিদের সঙ্গে ইদ্রিসের দ্বন্দ্ব হলে ইদ্রিস রবিন ভূঁইয়ার সঙ্গে যোগ দেন। ঘটনার তিন দিন আগে টোক বাইপাস এলাকায় জাহিদ তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে ইদ্রিসকে প্রাণনাশের হুমকি দেন। এ সুযোগে রবিন ভূঁইয়া তাঁর সহযোগীদের নিয়ে ইদ্রিসকে হত্যা করে জাহিদকে ফাঁসানোর পরিকল্পনা করেন।

পিবিআইয়ের ভাষ্য, মেজবাহ উদ্দিন ও ঘটনায় জড়িত আসামিরা রবিন ভূঁইয়ার কাছ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে ইদ্রিসকে হত্যার চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সালের ২৪ আগস্ট রাত দুইটার দিকে কৌশলে ইদ্রিসকে রবিন ভূঁইয়ার বাড়িতে ডেকে আনেন মেজবাহ উদ্দিন। আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ভাড়াটে খুনিরা গলা চেপে ধরে ছুরি দিয়ে গলায় আঘাত করে ও এলোপাতাড়িভাবে মেরে ইদ্রিসকে হত্যা করেন। পরে জাহিদের নানার বাড়ির যে ঘরে মাঝেমধ্যে জাহিদ ঘুমাতেন, ওই ঘরের পেছনে পুকুরপাড়ে ইদ্রিসের লাশ ফেলে রাখেন। পরের দিন সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ইদ্রিসের মা মোর্শেদা বাদী হয়ে জাহিদসহ ১০ জনের নামে মামলা করেন।

পিবিআই জানায়, ২০২১ সালের ২৫ আগস্ট আরেক খুনি দুখু মিয়া ওরফে সুমনকে গ্রেপ্তার করলে তিনিও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রবিন ভূঁইয়ার সঙ্গে ১২ লাখ টাকায় খুনের চুক্তির বিষয়টি উল্লেখ করেন। দুখু মিয়া বর্তমানে কারাগারে।

ঘটনার পর ইদ্রিসের মায়ের করা মামলায় সৈয়দ জহির আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিনি জামিনে বের হন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে ফাঁসানোর জন্য তাঁর মামা রবিন ভূঁইয়ার ষড়যন্ত্রে কাজ হয়নি। পিবিআইয়ের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে এসেছে। তিনি বলেন, ‘আশা করি রবিন ভূঁইয়াকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। আমি বিচার দেখার অপেক্ষায় আছি।’

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলাটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তদন্ত এখনো চলছে। আরও অনেক তথ্য পাব আমরা। এ ঘটনায় আরও যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’ রবিন ভূঁইয়ার সংশ্লিষ্ট থাকার তথ্য পাওয়ায় তাঁকে আসামি করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। যে–ই সংশ্লিষ্ট থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।’