গাজীপুরে যানজট নিরসনে পুলিশের ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে যানজট নিরসনে গাজীপুর পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে সহস্রাধিক পুলিশ সদস্য কাজ করছেন। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার চারজন, সহকারী পুলিশ সুপার নয়জন ও ১৮ জন পরিদর্শক ছাড়াও ১৫০ জন উপপরিদর্শক-সহকারী উপপরিদর্শক রয়েছেন। ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রাক এবং ২৪ জুলাই থেকে মূল নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে জয়দেবপুর চান্দনা-চৌরাস্তা হয়ে শ্রীপুরের জৈনা বাজার পর্যন্ত, পুবাইলের মীরের বাজার থেকে টঙ্গী এবং আশুলিয়া থেকে চন্দ্রা, ভোগড়া বাইপাস মোড় থেকে চন্দ্রা হয়ে স্কয়ার পর্যন্ত মোট ৩৮ পয়েন্টে ৩৮টি দল থাকবে। এসব দলের প্রতিটিতে একজন উপপরিদর্শকের নেতেৃত্বে ১৫-২০ জন করে ফোর্স ডিউটি করবেন। কোনো স্থানে যাতে গাড়ি দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে থাকে এবং বিশৃঙ্খলভাবে পার্কিং না করে সেটা নিয়ন্ত্রণ করবে। এসব পয়েন্টের মাঝপথে মোটরসাইকেলযোগে মোবাইল ডিউটি করবে ১৯টি দল। এ ছাড়া বিশেষ গাড়িতে স্ট্রাইকিং ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ দায়িত্বে থাকবে আরও ১০টি দল। ২৪ ঘণ্টা দুই পালায় কাজ করবে ওই সব পুলিশ দল।
এ ছাড়া মহাসড়কে গাড়ি বিকল হয়ে পড়লে তা দ্রুত সরাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড়, জয়দেবপুরের চান্দনা-চৌরাস্তা ও রাজেন্দ্রপুর মোড় এলাকায় তিনটি বড় রেকার মোতায়েন থাকবে। সার্বক্ষণিক যোগাযোগ, তদারকি ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জয়দেবপুর চান্দনা-চৌরাস্তায় মূল কন্ট্রোলরুম ছাড়াও কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে দুটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোলরুমে পুলিশের সিনিয়র কর্মকর্তারা সব পয়েন্ট মনিটরিং করবেন।
পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। কেউ চাঁদাবাজি করলে, সে যদি পুলিশ সদস্যও হয়—সঙ্গে সঙ্গে তাকে হাতকড়া পরানো হবে এবং কারাগারে পাঠানো হবে।