গাজীপুরে রিসোর্টে হামলা–লুটপাট, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্টে হামলায় পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা রিসোর্টের ভেতরে লুটপাট ও ভাঙচুর চালান। এ ঘটনায় শুক্রবার রাতে জয়দেবপুর থানায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশন থানার রিয়াজ হোসেন (৩৫) ও গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা এলাকার রিমন হোসেন (২৫)।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, রাজেন্দ্র ইকো রিসোর্টের সামনে শুক্রবার সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাসে করে এসে ৫০-৬০ জন মূল ফটক খুলতে বলেন। তাঁদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র থাকায় ফটক খুলতে অস্বীকৃতি জানান দায়িত্বরত নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম (৫৪) ও সাদিকুর রহমান (২৭)। একপর্যায়ে তাঁদের এলোপাতাড়ি মারপিট করে ভেতরে ঢোকার চেষ্টা করেন বহিরাগত ব্যক্তিরা।

এরপর রিসোর্টের স্টাফ আরিফুল ইসলাম (১৮), বরকত উল্লা (২০), নূরনবী (১৮), সাহেদ (১৮) ও শাকিল হোসেন (১৮) নিরাপত্তাকর্মীদের রক্ষায় এগিয়ে গেলে বহিরাগত ব্যক্তিরা তাঁদেরও মারধর করেন। পরে রিসোর্টের ২, ৫ ও ৮ নম্বর ভবনের ভেতরের আসবাব ভাঙচুর করে টাকা ও মুঠোফোন লুট করা হয়। আহত ব্যক্তিদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বহিরাগত ব্যক্তিরা দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করা হয়। আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মামলা বাদী রিসোর্টের ব্যবস্থাপক আক্তার হোসেন জানান, হামলার পরপরই জয়দেবপুর থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় রিসোর্টের স্টাফরা প্রাণে রক্ষা পান। স্থানীয়দের হাতে আটক রিয়াজ জানান, তাঁরা পরিকল্পিতভাবে রিসোর্টে হামলা ও লুটপাট চালিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে একটি সাদা মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়।