গাজীপুরে লরিচাপায় চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন আমতলী এলাকায় কনটেইনার লরিচাপায় চালকের সহকারী মো. ইয়ামিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা–বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ামিন ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি লরিচালক রহিমের সম্পর্কে শ্যালক ছিলেন।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার পণ্য নিয়ে কনটেইনার লরিটি ঢাকা-বাইপাস সড়ক দিয়ে সাভারে যাচ্ছিল। একপর্যায়ে কাঞ্চন-ভোগড়া সড়কের পুবাইল আমতলী এলাকায় কনটেইনার লরিটি পৌঁছায়। যানজট থাকায় লরিটি ধীরগতিতে চলছিল। এ সময় ইয়ামিন লরি থেকে নিচে নামেন। পরে যানজট কমে গেলে লরিটি চলতে শুরু করে।

একপর্যায়ে ইয়ামিন দৌড়ে লরিতে ওঠার চেষ্টা করেন। এ সময় লরির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ইয়ামিনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।