গাজীপুরে শবে বরাতের নামাজে যাওয়ার পথে তরুণ গুলিবিদ্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড মসজিদ মোড় এলাকায় পবিত্র শবে বরাতের নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত মেহেদি হাসান শিহাব (২৩) মসজিদ মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকের বাঁ পাশে গুলি লেগেছে।
স্বজনদের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে নিজের বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হন শিহাব। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরপরই তাঁর কাছাকাছি বেশ কয়েকটি মোটরসাইকেল এসে থামে। এরপর একজন শিহাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হলে আরেকটি গুলি ছোড়া হয়। শিহাব গুলিবিদ্ধ হয়ে চিৎকার শুরু করেন। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, তাঁর ছেলে হামলাকারীদের বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন। পূর্বশত্রুতার জেরে তাঁর ছেলেকে মেরে ফেলার জন্য এই হামলা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে।