গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নেত্রকোনার পূর্বধলা থানার জামুদ গ্রামের আবদুল গণির ছেলে আবদুল কাদির (৩২) ও ময়মনসিংহের তারাকান্দার রাজদারি গ্রামের মতিউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেল আরোহী দুজন আজ দুপুরের দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।