গাজীপুরে সেতুর ওপর ট্রাকচাপায় কারখানার কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ সেতুর ওপর ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোস্তফা মিয়া (৪৫)। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকায়। তিনি গাজীপুরের টেকনোপ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় কর্মরত ছিলেন।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার জানান, মোটরসাইকেল আরোহী মোস্তফা মিয়া কোনাবাড়ী থেকে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনি কড্ডার ব্রিজে পৌঁছান। একপর্যায়ে ব্রিজের পাশে জমে থাকা বালুতে স্লিপ করে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এসআই সুকান্ত কুমার।