গাজীপুরে সড়কে উল্টে গেল বাস, যাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মেম্বরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও সাত-আটজন।

বাসের যাত্রী নিহত কণা আক্তার (২০) শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন। তবে নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে পুলিশের উপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শৌখিন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। গাজীপুর সদর উপজেলার মেম্বরবাড়ি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে বাসটি আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী কণা আক্তার ও অজ্ঞাতনামা পথচারী নিহত হন। এতে আহত হন সাত-আটজন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহত তরুণীর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন দুপুরে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।