গাজীপুরে সড়কে পুলিশের চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ

লকডাউন বাস্তবায়নে সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। ছবিটি গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম। সড়ক-মহাসড়কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি কিংবা মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কিছুটা কমে আসছে মানুষের আনাগোনা।

গাজীপুর মহানগর পুলিশ জানায়, সরকারি নির্দেশনা বা লকডাউন বাস্তবায়ন করতে আজ ভোর থেকেই মাঠে কাজ করছেন তাঁরা। গাজীপুর মহানগর এলাকার প্রবেশমুখ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, কামারপাড়া সড়ক, মিরের বাজার, কোনাবাড়ী, রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ বিভিন্ন জায়গায় কঠোর চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ সময় নির্দেশনা অনুযায়ী যেসব যানবাহন চলার কথা, শুধু সেগুলোই চলতে দেওয়া হচ্ছে। এর বাইরে জনসাধারণের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় রাস্তার দুই পাশে বসানো হয়েছে চেকপোস্ট। পাশেই অবস্থান করছেন পুলিশ সদস্যরা। কোনো যানবাহন আসতে দেখলেই গতি রোধ করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। এ সময় কোনো কোনো যানবাহনের চালককে নানা অজুহাতে যাতায়াতের চেষ্টা করতে দেখা যায়। অল্প দূরত্বের কামাড়পাড়া সড়কে গিয়েও একই রকম আরেকটি চেকপোস্ট দেখা যায়। সেখানেও একই রকম জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে চালকদের।

তবে সড়কে অনেককেই পাওয়া গেল, যাঁরা লকডাউনের ব্যাপারে জানেন না। তাঁদের ভাষ্য, প্রতিদিনের মতো আজও বাসা থেকে বের হয়েছিলেন। পথে পুলিশের চেকপোস্টের কারণে তাঁদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

কামাড়পাড়া সড়ক এলাকায় কথা হয় একটি পিকআপ ভ্যানের চালক মো. জাকির হোসেনের সঙ্গে। তিনি একটি কারখানার মালামাল আনতে যাচ্ছিলেন গাজীপুরে। তিনি বলেন, ‘সারা দিন কাজ শেষে গতকাল সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সকালে গাড়ি নিয়ে বের হইয়া শুনি, লকডাউন। এখন পুলিশ গাড়ি আটকায় দিছে।’

জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, ‘লকডাউন বাস্তবায়নে আমরা সকাল ছয়টা থেকেই রাস্তায় আছি। দূরপাল্লার যান চলাচল বন্ধ আছে। এর মধ্যে দোকানপাটও বন্ধ থাকবে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর মাধ্যমে বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।’

সংক্রমণের ঝুঁকি কমাতে রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে ঢাকার আশপাশের যে সাতটি জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে, তার মধ্যে গাজীপুর একটি।