গাজীপুরে হত্যার তিন দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল
গাজীপুরের কাপাসিয়ায় কিশোরী গৃহবধূ মারুফা আক্তারকে (১৪) গলা টিপে হত্যার ঘটনার তিন দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মারুফাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে আবার সেই বাড়িতে ফিরে যেতে বলা হয়। মারুফা তাতে রাজি না হওয়ায় ৩ ডিসেম্বর শুক্রবার রাতে তাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটে। পরের দিন মারুফার স্বামী শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এমদাদুল হকের ছেলে ইমনকে (১৯) পুলিশ আটক করে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মারুফা আক্তার শ্রীপুরের বরমী বাজার উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। সে শ্রীপুরের বরকুল গ্রামের নানার বাড়িতে থেকে ওই বিদ্যালয়ে লেখাপড়া করত। মারুফার সঙ্গে ওই গ্রামের ইমনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা বিয়ে করে। ইমনের কোনো আয় ছিল না বলে মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি ইমন মাওনা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, কয়েক দিন আগে শ্বশুরবাড়িতে চুরির অপবাদে মারুফাকে চলে যেতে বলা হয়। মারুফা বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে নিতে ইমন ৩ ডিসেম্বর দুপুরে শ্বশুরবাড়িতে যান। মারুফা ফিরে যেতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হন ইমন। গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান ইমন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মারুফার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় মারুফার বাবা বাদী হয়ে জামাতা ইমনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ইমনকে শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তিনি গাজীপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।