গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ওই যুবকের নাম আতিকুর রহমান (২৬)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাংড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

থানা ও পিবিআই সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার পূর্ব পাশে শালবনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাতেই হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির দুই হাত, পা বাঁধা ছিল এবং গলায় কাপড় প্যাঁচানো ছিল।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আতিকুরকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশা করছেন তিনি।