গাজীপুরের নানা পয়েন্টে চেকপোস্ট, নেই মানুষের আনাগোনা
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ বৃহস্পতিবার। সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা, অনেকটা ফাঁকা অবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, সড়ক-মহাসড়কে মানুষের আনাগোনা বা চলাচল কমাতে গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন স্থানে মোট ১০টি চেকপোস্ট বসিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর এলাকা, কামারপাড়া সড়ক, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার, কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুরসহ অন্যান্য এলাকা। এসব চেকপোস্টে সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়াগা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে কেউ কেউ হেঁটেই রওনা দেন গন্তব্যে।
সকাল সাড়ে নয়টায় সরেজমিনে দেখা যায়, রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাথায় একটি বিশাল চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখান থেকে কয়েক মিটার দূরত্বে একই সড়কে আরও একটি চেকপোস্ট বসিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। কোনো যানবাহন আসতে দেখলেই তারা গতি রোধ করে জিজ্ঞাসাবাদ করছে। কোনো ব্যক্তি বা গাড়ির মালিক যৌক্তিক কারণ দেখাতে না পারলে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
দেখা যায়, আবদুল্লাহপুরের চেকপোস্টটি বড়। এখানে অনেক পুলিশ সদস্যের আনাগোনা। কোনো যানবাহন আসতে দেখলেই চারদিক থেকে ঘিরে ধরছেন তাঁরা। এ সময় অনেককেই যেতে দেওয়ার জন্য আকুতি জানাতে দেখা গেছে।
গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক মো. মেজবাহ উদ্দিন। সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন কারখানায়। কিন্তু আবদুল্লাহপুর মোড়ে যেতেই গাড়ি আটকে দেয় পুলিশ। তিনি বেশ কিছুক্ষণ ধরেই তাঁকে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ সদস্যরা কোনোভাবেই তাঁকে যেতে দেননি। এরপর পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে।
মেজবাহ উদ্দিন বলেন, ‘কারখানায় যাওয়া খুব জরুরি। অন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না যাওয়ার মতো। অনেক রিকোয়েস্ট করলাম আমাদের গাড়িটা ছাড়ার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। তাই বাধ্য হয়েই হেঁটে যেতে হচ্ছে।’
চেকপোস্টটিতে মেজবাহ উদ্দিনের মতো এমন আরও অনেককেই পাওয়া গেছে, যাঁরা যাওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। এর মধ্যে অনেককেই দেখা গেছে নিজেদের পরিচয়পত্র বা বিভিন্ন কাগজ প্রদর্শন করতে।
একইভাবে কামারপাড়া, মিরের বাজারসহ অন্যান্য এলাকায়ও পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই সড়কে কঠোর অবস্থানে রয়েছি। অতি জরুরি বা নির্দেশনাকে কভার করে না, এমন কাউকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না।’