গতকাল মঙ্গলবার রাতের বৃষ্টি, গর্ত, খানাখন্দ আর বিশৃঙ্খল সড়কব্যবস্থায় আজকেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট। আজ বুধবার সকাল ছয়টা থেকে রাজধানীর বনানী থেকে গাজীপুরের তারগাছ পর্যন্ত দেখা দিয়েছে যানজট। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে এই পথের যাত্রীরা। বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে থেমে থেমে চলছে যানবাহন।
রাজধানীর বনানী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের এই ভোগান্তি আজ ভোররাত থেকে। সড়কটির বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত চলছে বিআরটি প্রকল্পের কাজ। কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এর মধ্যে গতকাল রাতে বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমে যায়। এতে কোনো যানবাহনই ঠিকমতো চলাচল করতে পারছে না। এর বাইরে বিভিন্ন অংশে লেন সংকোচন, সড়ক বিভাজক না থাকায় উল্টো পথে গাড়ি চলাসহ বিভিন্ন কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে সৃষ্টি হয় যানজটের। এতে দিনভরই ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।
পুলিশ সদস্যরা বলছেন, সড়কে যানজটের এ চিত্র নিয়মিত। তবে বৃষ্টি হলে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। এর মধ্যে গতকাল রাতের বৃষ্টিতে সড়কের গর্ত-খানাখন্দে পানি জমে থাকায় কোনো যানবাহনই ঠিকমতো চলাচল করতে পারছিল না। তাই গাজীপুর অংশে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে যানজট দেখা দিলে তা ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা ও আশপাশের সড়কে। এ কারণে ভোগান্তিতে পড়েন অনেকে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মো. ফয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের সবখানেই শত শত গর্ত। এর মধ্যে টঙ্গীর মিলগেট ও মুন গেট এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এসব গর্তে পানি জমে থাকায় সকাল থেকেই কোনো যান চলতে পারছিল না। তাই যানজট চলে গেছে রাজধানী পর্যন্ত। তবে বিকেলের দিকে যানজট অনেকটাই কমেছে। থেমে থেমে যানবাহনগুলো চলছে।
আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কটির আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুরো সড়ক কাটা। সড়ক বিভাজক নেই। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। এসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। গর্তে পড়ে যাওয়ার ভয়ে পণ্যবাহী ট্রাক বা বাসগুলো এগোচ্ছে না। এতে যানবাহনের জট তৈরি হয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত। যানবাহনগুলো ঠায় দাঁড়িয়ে আছে এক জায়গায়। এর প্রভাব পড়েছে সংযুক্ত আবদুল্লাহপুর-আশুলিয়া সড়ক ও টঙ্গী–ঘোড়াশাল সড়কে। যানজটে আটকে থেকে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যের দিকে।
গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. সুমন। সকাল ৯টায় মোটরসাইকেলে করে রাজধানীর বসুন্ধরা থেকে গাজীপুরের উদ্দেশে বের হয়েছেন তিনি। কিন্তু কুড়িল বিশ্বরোড যেতেই যানজটে আটকে পড়েন তিনি। এরপর থেমে থেমে প্রায় দুই ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টার দিকে তিনি জসিমউদদীন রোড পর্যন্ত যান। দুপুর ১২টার দিকে পৌঁছান টঙ্গী স্টেশন রোড পর্যন্ত। এরপর সেখান থেকে বিকল্প পথে বেলা একটার দিকে অফিসে পৌঁছান।
আবদুল্লাহপুর পুলিশ বক্সের পরিদর্শক মো. সাজ্জাত হোসেন বলেন, বৃষ্টি হলেই সড়কের গর্তের কারণে গাজীপুর অংশে গাড়ি ঢোকানো যায় না। আজও সকাল ছয়টায় থেকে গাজীপুরে কোনো গাড়ি ঢুকানো যাচ্ছিল না। তাই যানজট হয়ে চলে যায় বনানী পর্যন্ত। দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।