গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার চেয়ে ২০ থেকে ৩০ জন বেশি যাত্রী তোলা হচ্ছে
ছবি: সংগৃহীত

তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় লঞ্চে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর চাপ বেড়েছে। এদিকে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় লঞ্চে স্বাভাবিকের তুলনায় এমনিতেই যাত্রীর সংখ্যা বেশি। ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো।

শিমুলিয়া লঞ্চঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার পানি বাড়ায় ও উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মা নদী হয়ে সমুদ্রের দিকে যাওয়ায় নদীতে তীব্র স্রোতের দেখা দিয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বুধবার থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দক্ষিণাঞ্চলের জেলার যাত্রীরা লঞ্চে পদ্মা নদী পার হচ্ছে। আজ ছুটির দিন হওয়ায় যাত্রীর চাপ আরও বেড়েছে। প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার চেয়ে ২০ থেকে ৩০ জন বেশি যাত্রী তোলা হচ্ছে।

গোপালগঞ্জগামী লঞ্চের যাত্রী সাইদুর রহমান বলেন, বিশেষ প্রয়োজনে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। ফেরি বন্ধ থাকায় লঞ্চে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু ঘাটে এত যাত্রীর ভিড়, কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বরিশালগামী যাত্রী রায়হান কবির অভিযোগ করে বলেন, ঘাটে লঞ্চ ভেড়ামাত্রই সবাই হুমড়ি খেয়ে পড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে। ১৫০ জনের লঞ্চে ১৮০ থেকে ২০০ জন যাত্রী নেওয়া হচ্ছে।

নদীতে তীব্র স্রোত আর বড় ঢেউ থাকায় ঝুঁকি নিয়েই লঞ্চগুলো চলাচল করছে। এর মধ্যে লঞ্চে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলায় দুর্ঘটনার আশঙ্কা করছে যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া নৌবন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, এই রুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। ফেরি ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় লঞ্চে যাত্রীর চাপ বেশি। এ কারণে ধারণক্ষমতার চেয়ে সামন্য বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো চলছে। তবে নদীর স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই চালকেরা লঞ্চ পরিচালনা করছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ঘাটে নতুন করে কোনো যানবাহন আসছে না। অপেক্ষমাণ গাড়িও নেই। গত কয়েক দিনের তুলনায় পদ্মা নদীর পানি আরও বেড়েছে। স্রোতের তীব্রতাও বেড়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চালু হওয়ার সম্ভবনা নেই।