গান কথামালায় যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় নিহতদের স্মরণ
‘সাথিদের খুনে রাঙা পথে দেখ হায়নার আনাগোনা, সইব না...’ স্লোগানে ২৩ বছর আগে যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেছে সংগঠনের চট্টগ্রাম জেলা সংসদ। আজ রোববার নগরের জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ‘সংস্কৃতি রক্ষা দিবস’ উপলক্ষে তারা আয়োজন করে প্রতিবাদী গান, আবৃত্তি ও কথামালার।
স্মরণসভা থেকে ওই হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী এ বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হন। তাঁদের অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন।
এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রামের সহসভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, খেলাঘর চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ ও সহসাধারণ সম্পাদক জয়তী ঘোষ।
বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য এবং আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে এই হামলার বিচার করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ এবং উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।